ভারতে মুসলিম ঐতিহ্য ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এবার প্রখ্যাত ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দকে কেন্দ্র করে নতুন বিতর্ক উসকে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী। প্রতিষ্ঠানটির চত্বরে কথিত ‘শিবলিঙ্গ’ রয়েছে এমন দাবি তুলে সেখানে গঙ্গাজল ঢালার কর্মসূচি ঘোষণা করেছে তারা। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘মুসলিম মিরর’-এর বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু রক্ষা দল’-এর জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরীর নেতৃত্বে একদল নেতাকর্মী আজ ১১ আগস্ট (মঙ্গলবার) হরিদ্বার থেকে গঙ্গাজল নিয়ে দেওবন্দে গিয়ে তা নিবেদনের কর্মসূচি গ্রহণ করেছে।
গত শনিবার (৯ আগস্ট) এক ভিডিও বার্তায় সংগঠনের উত্তরাখণ্ড রাজ্য সভাপতি ললিত শর্মা এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি দাবি করেন, দারুল উলুম দেওবন্দ চত্বরে একটি শিবমন্দির রয়েছে—এমন অভিযোগের তদন্ত চেয়ে তাঁরা এর আগে সাহারানপুর প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন। তবে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁরা নিজেরাই দেওবন্দে গিয়ে গঙ্গাজল নিবেদনের সিদ্ধান্ত নিয়েছেন।
উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর এই উসকানিমূলক ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে চরম সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত স্পর্শকাতর পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।
পরিস্থিতি সম্পর্কে দেওবন্দ সার্কেলের পুলিশ কর্মকর্তা অমিত কুমার সিং জানিয়েছেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি বরদাশত করা হবে না। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “কাউকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে দেওয়া হবে না। কেউ পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, বিশ্বজুড়ে পরিচিত দেওবন্দ আন্দোলন ও উপমহাদেশের অন্যতম প্রধান ইসলামী বিদ্যাপীঠ হিসেবে ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দের বিশেষ সুনাম রয়েছে। প্রতিষ্ঠানটির প্রাঙ্গণ ঘিরে উগ্রপন্থী গোষ্ঠীটির এমন ভিত্তিহীন ও উসকানিমূলক দাবি ভারতের ধর্মীয় সম্প্রীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।