১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাম্পের ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ইরানের সেনাপ্রধানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে বাড়াবাড়ি করলে তেহরানের রক্ষকরা প্রয়োজনে ‘আপনার পা ভেঙে দেবে’। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানা গেছে।

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার সাম্প্রতিক মার্কিন মন্তব্যের তীব্র সমালোচনা করে সেনাপ্রধান বলেন, ‘হরমুজ প্রণালি নিয়ে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যকে হালকাভাবে নেওয়া ওয়াশিংটনের জন্য মারাত্মক ভুল হবে। ইরানের এমন সাহসী রক্ষক রয়েছে, যারা নিজেদের ভূখণ্ড রক্ষায় কঠোরতম জবাব দিতে প্রস্তুত।’

তিনি আরও দাবি করেন, মার্কিন বাহিনীকে কার্যত কৌশলগত অঞ্চলটি থেকে পিছু হটতে বাধ্য করা হয়েছে। বর্তমানে পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালিতে ওয়াশিংটনের অবাধ প্রবেশের কোনো সুযোগ নেই।

ইরানে পূর্বে অবস্থান করা মার্কিন ঘাঁটিগুলো প্রসঙ্গে মেজর জেনারেল আমির হাতামি স্পষ্ট জানিয়ে দেন, ইরান কখনোই তাদের ভূখণ্ড বা নিকটবর্তী এলাকায় মার্কিন ঘাঁটির পুরোনো প্রভাব বা উপস্থিতি ফিরে পেতে দেবে না।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে বিতর্কিত মন্তব্য করার পরই তেহরানের পক্ষ থেকে এই কঠোর প্রতিক্রিয়া এলো।

Home R3