গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ মিজান ওরফে ‘কুত্তা মিজান’ (৩৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ মাদকসহ অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিজানকে আটক করার পর তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ১ কেজি হেরোইন, ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫১০ টাকা, দুটি স্মার্টফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মিজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাঁকে যথাযথ প্রক্রিয়ায় গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।