১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে দলবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুরের সদর উপজেলার রশিদপুরে দলবদ্ধ ধর্ষণ মামলায় রশিদপুর ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ছাত্তার আলী, মো. আব্দুল মালেক ও মো. আনু।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদর উপজেলার রশিদপুর ভাটিপাড়া এলাকায় ভুক্তভোগী নারী নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১১টার দিকে আসামিরা তাকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে মুখে গামছা বেঁধে বাড়ির পাশের বাঁশঝাড়ের নিচে নিয়ে গিয়ে জোরপূর্বক গণধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

দীর্ঘ শুনানি শেষে আদালতে মামলার ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।

এ ছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আদায়কৃত জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

Home R3