জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তিনি কারখানাটি পরিদর্শন করেন এবং গাড়ি সংযোজনের বিভিন্ন প্রক্রিয়া ঘুরে দেখেন।

পরিদর্শনকালে টয়োটা মোটর কর্পোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো কর্পোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এ সময় উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

জাপান সফরের আগে দেশটির প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে গাড়ি ও যন্ত্রাংশ উৎপাদনে বিনিয়োগের আগ্রহের বিষয়টিও সামনে এসেছে। জাপানের বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা জেট্রোর বাংলাদেশ প্রতিনিধি কাজুইকি কাতাওকা জানিয়েছিলেন, টয়োটা সুশো বাংলাদেশে দুটি বিক্রয়, সার্ভিস ও যন্ত্রাংশ কেন্দ্র স্থাপনে প্রায় ৪ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। একই সঙ্গে বাংলাদেশে হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

Home R3