৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

জাতীয় ক্রাইসিস থাকলেও ইউনূসের চেয়ে ভালো দেশ চালাচ্ছেন তারেক: কাদের সিদ্দিকী

জাতীয় ক্রাইসিস থাকলেও ইউনূসের চেয়ে ভালো দেশ চালাচ্ছেন তারেক: কাদের সিদ্দিকী

জাতীয় ক্রাইসিস থাকলেও আন্তর্জাতিক সংকট আরও বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। একই সঙ্গে তিনি দাবি করেছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দলীয় নেতা আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারতের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, দেশে জাতীয় সংকট থাকলেও আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল। তবে বর্তমান পরিস্থিতিতে দেশ পরিচালনায় পরিবর্তন প্রয়োজন বলে তিনি মত দেন। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রীকে সরাসরি বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, এখনই প্রকাশ্যে বিরোধিতা করা যুক্তিযুক্ত মনে করেন না।

শেখ হাসিনার বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে কাদের সিদ্দিকী অভিযোগ করেন, এসব কর্মসূচির কারণে অনেক নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং নিরীহ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

পরে তিনি মরহুম আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন এবং মোনাজাতে অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Home R3