এবার উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের কাছাকাছি অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ উচ্ছেদের উদ্যোগ নিয়েছে দেশটির ভূমি ও উন্নয়ন দপ্তর। মসজিদটিকে ‘অননুমোদিত স্থাপনা’ উল্লেখ করে ছয় দিনের মধ্যে খালি করার নোটিশ দেওয়া হয়েছে। এর আগে মসজিদটির বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াতের পথও।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ অক্টোবর জারি করা নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে মসজিদটি খালি করার নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় মসজিদটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুসল্লি ও সংশ্লিষ্ট সংগঠনের নেতারা।

দীর্ঘদিন ধরে রেসকোর্স মসজিদে নিয়মিত নামাজ আদায় করে আসছেন মুসল্লিরা। ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় মসজিদটি রক্ষায় ভারতের কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছে মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ। সংগঠনটির দাবি, মসজিদটির ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে স্বীকৃতির বিষয়টি বিবেচনায় নিয়ে সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ভারতের ভূমি ও উন্নয়ন দপ্তরের দাবি, মসজিদটি সরকারি জমিতে অবস্থিত। এ নিয়ে বিরোধের মধ্যেই স্থাপনাটি খালি করার নোটিশ দেওয়া হয়েছে। তবে দ্য ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লি পৌর কাউন্সিলের (এনডিএমসি) ওয়েবসাইটে ঐতিহ্যবাহী স্থাপনার তালিকায় মসজিদটির নাম রয়েছে বলে দাবি করা হয়েছে।

Home R3