২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো পাকিস্তান

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো পাকিস্তান

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ স্পষ্ট জানিয়েছেন, ইসলামাবাদ কোনো অবস্থাতেই ইসরইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।

সোমবার (২৫ মে) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে পাকিস্তানসহ সৌদি আরব, কাতার, তুরস্ক, মিসর ও জর্ডানকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছালে তাদেরও এই জোটে অন্তর্ভুক্ত হওয়া উচিত।

এ প্রস্তাবের জবাবে খাজা আসিফ বলেন, দেশের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো চুক্তিতে পাকিস্তান যোগ দেবে না। ইসরাইলের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে তিনি মন্তব্য করেন, যাদের ওপর আস্থা রাখা যায় না, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা সম্ভব নয়।

পাকিস্তানের একটি সরকারি সূত্র জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ও আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের বিষয় দুটি আলাদা এবং এ নিয়ে ইসলামাবাদ কোনো চাপের মধ্যে নেই। দেশটি দীর্ঘদিন ধরেই ইসরাইলকে স্বীকৃতি দেয় না এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ইসরাইল ভ্রমণও নিষিদ্ধ।

উল্লেখ্য, ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। তবে নতুন করে এ চুক্তির পরিধি বাড়ানোর উদ্যোগে এখনো উল্লেখযোগ্য সাড়া পাওয়া যায়নি।

তথ্যসূত্র: দ্য ইকোনোমিক টাইমস

Home R3