ইসরায়েলে ক্ষমতার পালাবদল হোক কিংবা বর্তমান নেতৃত্বই ক্ষমতায় থাকুক—লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী সরে না যাওয়া পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান নাঈম কাসেম বলেছেন, ইসরায়েলের নেতৃত্বে কে আসছে, তা নিয়ে তাঁদের উদ্বেগ নেই; বরং লেবাননের দখল করা ভূখণ্ড ছেড়ে যাওয়াই ইসরাইলের জন্য প্রধান শর্ত। একই সঙ্গে হিজবুল্লাহর অস্ত্র ত্যাগের দাবি প্রত্যাখ্যান করে তিনি স্পষ্ট করেছেন, দখলদারত্ব ও আগ্রাসন চলতে থাকলে নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনারও সুযোগ নেই। এতে ইসরায়েল-লেবানন চুক্তির ভবিষ্যৎ এবং সীমান্তে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বুধবার (২৮ অক্টোবর) এক লিখিত বিবৃতিতে এসব কথা বলেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম।
আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের জাতীয় নির্বাচনের ফল নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তিনি সংগঠনটির অবস্থান স্পষ্ট করেন। কাসেম বলেন, ইসরায়েলের নেতৃত্বে কে থাকছেন, তা নিয়ে হিজবুল্লাহর মাথাব্যথা নেই। তবে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্ব চলতে পারে না।
তিনি বলেন, ‘ইসরায়েলকে কে শাসন করছে, তা নিয়ে আমরা মাথা ঘামাই না। তবে বিষয়টি স্পষ্ট করে বলতে চাই, ইসরায়েল তার দখলদারত্ব চালিয়ে যেতে পারে না। তাকে আমাদের ভূমি ছেড়ে যেতে হবে।’
বিবৃতিতে হিজবুল্লাহ প্রধান জানান, ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ অব্যাহত থাকবে। তাঁর দাবি, লেবানন ও সংগঠনটির বিরুদ্ধে আগ্রাসন চলতে থাকলে তার মোকাবিলা করা হবে।