বিশ্বজুড়ে ইসরাইলের ভাবমূর্তি ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের ওপর সাধারণ মানুষের আস্থা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সাম্প্রতিক এক বৈশ্বিক জরিপে দেখা গেছে, অধিকাংশ দেশের মানুষ ইসরাইলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের ‘স্প্রিং ২০২৬ গ্লোবাল অ্যাটিটিউড সার্ভে’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশে এই জরিপ পরিচালিত হয়।
জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারী দেশগুলোর গড় হিসেবে প্রায় ৬৭ শতাংশ মানুষ ইসরাইলের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন, যেখানে মাত্র ২৫ শতাংশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ইসরাইলবিরোধী মনোভাব সবচেয়ে বেশি। বাংলাদেশে ৭৯ শতাংশ মানুষ ইসরাইলের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন, যা জরিপে সর্বোচ্চ। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, তুরস্ক এবং ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে।
অন্যদিকে ভারতের ক্ষেত্রে ইসরাইলের প্রতি নেতিবাচক মনোভাবের হার তুলনামূলকভাবে সবচেয়ে কম বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া সাব-সাহারা অঞ্চলের কয়েকটি আফ্রিকান দেশেও ইসরাইলের প্রতি কিছুটা ইতিবাচক মনোভাব দেখা গেছে।
ইউরোপের বিভিন্ন দেশেও ইসরাইল নিয়ে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি বেড়েছে। ইতালি, নেদারল্যান্ডস ও স্পেনে প্রায় অর্ধেক বা তার বেশি মানুষ দেশটির প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
জরিপে বয়স ও রাজনৈতিক আদর্শভিত্তিক পার্থক্যও উঠে এসেছে। উত্তর আমেরিকা ও ইউরোপে তরুণদের মধ্যে ইসরাইলবিরোধী মনোভাব বেশি প্রবল। পাশাপাশি উদারপন্থী বা বামঘেঁষা মতাদর্শের মানুষেরা ডানপন্থীদের তুলনায় ইসরাইলের প্রতি বেশি সমালোচনামুখর।
এছাড়া বিশ্বজুড়ে নেতানিয়াহুর নেতৃত্বের ওপর আস্থাও ব্যাপকভাবে কমেছে। বহু দেশের অর্ধেকের বেশি মানুষ জানিয়েছেন, আন্তর্জাতিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার ওপর তাদের কোনো আস্থা নেই।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের তুলনায় বর্তমান সময়ে ইসরাইলের ভাবমূর্তি উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে। অনেক দেশেই আগের তুলনায় নেতিবাচক মনোভাব বেড়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও সামরিক কর্মকাণ্ডের প্রভাবেই বিশ্বব্যাপী ইসরাইল ও তার নেতৃত্বের জনপ্রিয়তায় এই পতন দেখা যাচ্ছে।