মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে সাময়িকভাবে বিলম্বিত হয়েছে। তিনি এই বিলম্বের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক ফোনকলে ট্রাম্প বলেন, বৈরুতে ইসরায়েলি বিমান হামলার কারণে শান্তি চুক্তির স্বাক্ষর কিছুটা পিছিয়ে গেছে, যা মূলত কয়েক ঘণ্টার মধ্যেই সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে পরিস্থিতির কারণে তা সাময়িকভাবে স্থগিত হয়েছে।
ট্রাম্প বলেন, “এটি খুবই খারাপ একটি ঘটনা। চুক্তি স্বাক্ষরের ঠিক এক ঘণ্টা আগে এই হামলা চালানো হয়েছে, যা পুরো পরিস্থিতি ওলটপালট করে দিয়েছে।”
তিনি আরও জানান, ইসরায়েলি হামলার ঘটনায় তিনি বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন এবং বিষয়টি সরাসরি নেতানিয়াহুকে জানিয়েছেন। তার ভাষায়, “আমি প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছি এবং তাকে তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।”
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলি বাহিনী বৈরুতে অভিযান চালায়, যেখানে তিনজন নিহত হয়। এই ঘটনার পরই ট্রাম্প ইসরায়েলি নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
একই ফোনকলে ট্রাম্প নেতানিয়াহুকে উদ্দেশ করে আরও বলেন, “এই কাজটি কেন করা হলো, তা আমি বুঝতে পারছি না। এটি একেবারেই অযৌক্তিক।”
এদিকে ইরান জানিয়েছে, সম্ভাব্য কোনো শান্তি চুক্তিতে লেবানন পরিস্থিতিকেও অন্তর্ভুক্ত করতে হবে, যেখানে বর্তমানে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত চলছে।
বিশ্লেষকদের মতে, এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।