১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শনিবার ভোরে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৮ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৩ জন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে ভূ-পৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে প্রথম কম্পনটি অনুভূত হয়। এরপর বেশ কয়েকটি আফটারশক দেখা দেয়। ভূমিকম্পের পরপরই উপকূলীয় কিছু অঞ্চলে এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়ে, তবে প্রায় তিন ঘণ্টা পর সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, ফ্লোরেস দ্বীপের বন্দরনগরী মাউমেরে থেকেই ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেখানে ধ্বংসস্তূপের নিচে এখনও দুজন আটকা পড়ে আছেন। ঘুমন্ত অবস্থায় ভবন ধসে পড়েও অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

ভূমিকম্পের মূল কেন্দ্রস্থল নাজেকেও অঞ্চলে ভূমিধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধারকারী দল এখনও সেখানে পৌঁছাতে পারেনি; বর্তমানে ফেরির মাধ্যমে সেখানে যাওয়ার বিকল্প চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে প্রায় ২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্যাসিফিক ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই এ ধরনের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে।

Home R3