২০২৪ সালের জুলাইয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, “২০২৪ সালের জুলাইয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সারা দেশের আওয়ামী লীগের অফিসগুলোতে আমরা আগুন দিয়েছিলাম।”
তিনি আরও বলেন, ৪ আগস্ট ছাত্রলীগকে বিতাড়নের ক্ষেত্রে যাত্রাবাড়ী ও শাহবাগসহ বিভিন্ন স্থানে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।
ছাত্রদল সভাপতি দাবি করেন, ওই সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের কাছে সহযোগিতা চেয়েছিলেন এবং ছাত্রদল তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছে।