পর্তুগালের আবাসন সংকট সমাধানে সরকারের সঙ্গে বৈঠকে কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছেন লিসবনের আবাসন আন্দোলনের কর্মীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আবাসনবিষয়ক প্রতিমন্ত্রী পাত্রিসিয়া গনসালভেস কস্তার সঙ্গে বৈঠকের পর তাঁরা এ অভিযোগ করেন।
আন্দোলনের মুখপাত্র বিয়াঙ্কা কাস্ত্রো বলেন, সরকার তাঁদের দাবির বিষয়ে কোনো নমনীয়তা দেখায়নি। দিন দিন মানুষের পক্ষে বাড়িভাড়া পরিশোধ করা কঠিন হয়ে পড়ছে। এমনকি পূর্ণকালীন চাকরি করেও অনেকে বাসাভাড়া দিতে পারছেন না।
তিনি নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, ৩০ বছর বয়সী একজন পশুচিকিৎসক হিসেবে তাঁর মাসিক আয় ১ হাজার ১০০ ইউরো, যা মাঝারি মানের বাড়িভাড়ার অর্ধেকেরও কম।
বৈঠককে ‘নাটক’ আখ্যা দিয়ে তিনি বলেন, সরকারের সঙ্গে আরও বৈঠক করে কোনো ফল পাওয়া যাবে বলে তাঁরা মনে করছেন না।
এদিকে আবাসন ব্যয় কমানো এবং সবার জন্য সাশ্রয়ী বাসস্থানের দাবিতে আন্দোলনকারীরা পর্তুগালের পার্লামেন্টের সামনে শ্রমিক সংগঠন সিজিটিপির আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। দেশটির আবাসন সংকট সমাধানে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তাঁরা।