আগামী কয়েক সপ্তাহে ইউরোপে শৈত্যপ্রবাহের পূর্বাভাসে গ্যাসের সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
এর প্রভাবে সোমবার (২৩ নভেম্বর) ইউরোপের বাজারে গ্যাসের দাম সর্বোচ্চ ৮ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এতে শীত মৌসুমে পরিবারগুলোর জ্বালানি ব্যয় আরও বাড়তে পারে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কাতার থেকে গ্যাস রপ্তানি কমে যাওয়া এবং গ্রীষ্মে অতিরিক্ত গ্যাস ব্যবহারের ফলে ইউরোপের মজুদ কমেছে। বর্তমানে ইউরোপের গ্যাস মজুদ প্রায় ৬৯ শতাংশ, যেখানে এ সময়ে সাধারণত তা ৮০ শতাংশ থাকার কথা।
এদিকে যুক্তরাজ্যে জানুয়ারি থেকে গ্যাস ও বিদ্যুতের মূল্যসীমা ২৬ শতাংশ বাড়তে পারে। এতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ থাকা একটি গড় পরিবারের বার্ষিক বিলে অতিরিক্ত ৪৪৩ পাউন্ড যোগ হওয়ার আশঙ্কা রয়েছে।
দাতব্য সংস্থা সিটিজেনস অ্যাডভাইস সতর্ক করে বলেছে, জ্বালানি ব্যয় বৃদ্ধিতে লাখ লাখ পরিবার আর্থিক সংকটে পড়তে পারে। সংস্থাটির প্রধান নির্বাহী ক্লেয়ার মরিয়ার্টি বলেছেন, অনেক পরিবার সঞ্চয় ছাড়াই শীতের সবচেয়ে ঠান্ডা সময়ের মুখোমুখি হচ্ছে। অন্যদিকে ব্রিটিশ গ্যাসের মালিক প্রতিষ্ঠান সেন্ট্রিকার প্রধান নির্বাহীও সতর্ক করেছেন, নতুন বছরে জ্বালানি বিল পরিশোধে অক্ষম মানুষের সংখ্যা বাড়তে পারে।