মক্কা-মদিনার নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের বিশেষ দোয়া

ইসলামের দুই পবিত্র স্থান মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষার জন্য দোয়া করেছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা তারিক জামিল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় পবিত্র হারামাইন শরিফাইনের সুরক্ষায় বিশেষ প্রার্থনার কথা জানান তিনি।

বার্তায় মাওলানা তারিক জামিল লেখেন, ‘হে আল্লাহ! আপনার পবিত্র ঘর কাবা শরিফ, মসজিদে নববী এবং হারামাইন শরিফাইনের পুরো ভূমিকে সব ধরনের বিপদ-আপদ, হামলা ও অশুভ শক্তি থেকে হেফাজত করুন।’ পবিত্র এ স্থানগুলোর নিরাপত্তা ও শান্তি মুসলিম উম্মাহর কাছে জীবনের চেয়েও প্রিয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘হারামাইন শরিফাইনের শান্তি বজায় রাখুন এবং আপনার বিশেষ অনুগ্রহ ও রহমতে একে চিরকাল নিরাপদ রাখুন।’

মাওলানা তারিক জামিলের এই আকুল প্রার্থনার পেছনে মক্কায় ড্রোন হামলার চেষ্টার খবর প্রেক্ষাপট হিসেবে উঠে এসেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি অনুযায়ী, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে মক্কার উদ্দেশ্যে একটি ড্রোন ছোড়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে পবিত্র নগরীর আকাশসীমায় পৌঁছানোর আগেই সেটিকে আকাশেই প্রতিহত ও ধ্বংস করে দেওয়া হয়।

তবে মক্কায় ড্রোন হামলার এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এক বিবৃতিতে তারা দাবি করেছে, মক্কায় হামলার যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ঘৃণ্য মিথ্যাচার। এই ধরনের অবাস্তব বক্তব্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করা যাবে না বলেও মন্তব্য করেছে গোষ্ঠীটি।

Home R3