কোনো চাপের মুখেই  লংমার্চ বন্ধ হবে না: তেহরিক-ই-ইনসাফের হুঁশিয়ারি

কোনো চাপের মুখেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতা শওকত ইউসুফজাই। তিনি বলেন, লংমার্চ শেষ করার চাবিকাঠি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের হাতে।

বুধবার (৭ অক্টোবর) দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। খবর জিও নিউজ উর্দুর।

ইমরান খানের মুক্তি, তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ এবং দলটির নেতাকর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করছে পিটিআই। এ কর্মসূচিকে ঘিরে দলটির সঙ্গে সরকারের উত্তেজনার পাশাপাশি আলোচনা চলছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে শওকত ইউসুফজাই বলেন, ‘গণমাধ্যমে আলোচনা-আলোচনা খেলা বন্ধ করুন। আপনাদের ক্ষমতা থাকলে আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নিন।’

তিনি ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, তাঁকে হাসপাতালে স্থানান্তর এবং তাঁর মামলাগুলোর শুনানি শুরু করার দাবি জানান। একই সঙ্গে ইমরান খানের বোনসহ কারাগারে বন্দি সব নারীকে মুক্তির দাবিও জানান তিনি।

সোহাইল আফ্রিদিকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়েও কথা বলেন শওকত ইউসুফজাই। তাঁর দাবি, সোহাইল আফ্রিদির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, ম্যান্ডেট কেড়ে নিলে সন্ত্রাসবাদ নির্মূল হবে না। সন্ত্রাসবাদ মোকাবিলায় কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারসহ সব অংশীজনকে নিয়ে আলোচনায় বসতে হবে।

অন্যদিকে পিটিআই নেতা ব্যারিস্টার গওহর বলেন, প্রধানমন্ত্রী শর্তসাপেক্ষে আলোচনার প্রস্তাব দিয়েছেন। পিটিআই আলোচনায় বসতে অস্বীকার করেনি, তবে আলোচনা শর্তহীন হতে হবে।

তিনি বলেন, সরকারের কয়েকজন সদস্যের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে এবং আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধান বের করার চেষ্টা চলছে।

Home R3