ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশঙ্কা প্রকাশ করেছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে এমন প্রেসিডেন্ট ক্ষমতায় আসতে পারেন, যিনি ইসরাইলের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করবেন না। এ পরিস্থিতি মোকাবিলায় ভারতসহ বিশ্বের অন্যান্য প্রভাবশালী দেশ এবং লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করে নতুন মিত্র তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) নির্বাচন সামনে রেখে নিজের নিরাপত্তানীতি ঘোষণা করার সময় এসব কথা বলেন নেতানিয়াহু।
তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এমন একজন প্রেসিডেন্ট ক্ষমতায় আসতে পারেন, যিনি ইসরাইলের জন্য মোটেও বন্ধুত্বপূর্ণ হবেন না। এমন পরিস্থিতির জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
নেতানিয়াহু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে যতটা সম্ভব সুবিধা আদায় করে নেওয়ার পাশাপাশি ভারতসহ অন্যান্য প্রভাবশালী দেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার কথা বলেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইল যে একা নয়, তা তুলে ধরতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি।
তবে নেতানিয়াহুর ঘোষিত নিরাপত্তানীতির সমালোচনা করেছেন তার প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও ইসরাইলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। তিনি এটিকে রাজনৈতিক চমক হিসেবে অভিহিত করেছেন।
আইজেনকোটের অভিযোগ, যুদ্ধের মধ্যে নিজের ব্যর্থতা আড়াল করতে এবং নির্বাচনে রাজনৈতিক সুবিধা পেতে নেতানিয়াহু জনগণের মধ্যে ভীতি ছড়ানোর চেষ্টা করছেন।
সূত্র: সিয়াসাত ডেইলি