ভারতের আকাশসীমা লঙ্ঘন করে দেশটির ভেতরে প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবস্থান করে চক্কর দিয়েছে চীনের একটি যুদ্ধবিমান। গত ১২ নভেম্বর ভারতের সিকিম অঞ্চলে এ ঘটনা ঘটে।
বর্তমান সময়ে কয়েক সেকেন্ডের জন্য আকাশসীমা লঙ্ঘনও গুরুতর বিষয় হিসেবে বিবেচিত হয়। সেখানে চীনা যুদ্ধবিমান কীভাবে ভারতের আকাশসীমায় প্রায় আধা ঘণ্টা নির্বিঘ্নে অবস্থান করল, তা নিয়ে ভারতীয় মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, শিলিগুড়ি করিডোরের কাছাকাছি স্পর্শকাতর এলাকায় এ ঘটনা ঘটায় বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে শনিবার (১৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া। এ বিষয়ে জানতে ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদমাধ্যমটি। তবে তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
সূত্র জানায়, গত ১২ নভেম্বর স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) চীনা যুদ্ধবিমানটির গতিবিধি শনাক্ত করে। এ সময় সেটিকে ভারতীয় ভূখণ্ড ছেড়ে ফিরে যাওয়ার জন্য একাধিকবার সতর্কবার্তা পাঠানো হয়। তবে এসব সতর্কবার্তা উপেক্ষা করে যুদ্ধবিমানটি ওই এলাকার ওপর চক্কর দিতে থাকে।
যুদ্ধবিমানটিকে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় শনাক্ত করা হয়েছিল। তবে এটি কী ধরনের আকাশযান ছিল, এর সুনির্দিষ্ট উড্ডয়নপথ এবং কখন ভারতীয় আকাশসীমা ত্যাগ করেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
ভারত-চীন সীমান্তে চীনা সামরিক উড়োজাহাজের তৎপরতা নিয়ে এর আগেও উদ্বেগ তৈরি হয়েছে। ২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সেনাদের অবস্থানের কাছ দিয়ে উড়ে যায় চীনের একটি সামরিক উড়োজাহাজ। ভারতীয় সেনা ও রাডারে সেটির উপস্থিতি ধরা পড়ার পর চীনের কাছে উদ্বেগ জানায় নয়াদিল্লি।
২০২০ সালে পূর্ব লাদাখে দুই দেশের মধ্যে সামরিক অচলাবস্থার সময়ও সীমান্তের কাছাকাছি চীনা সামরিক হেলিকপ্টারের তৎপরতা দেখা যায়। তখন ওই এলাকায় টহল দেয় ভারতীয় যুদ্ধবিমান। তবে চীনা হেলিকপ্টারগুলো ভারতের আকাশসীমায় প্রবেশ করেনি বলে দাবি করেছিল নয়াদিল্লি।
এ ছাড়া ২০১৭ সালের ১১ অক্টোবর উত্তরাখণ্ডের বারাহোতি এলাকায় দুটি চীনা হেলিকপ্টার ভারতের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল বলে খবর প্রকাশিত হয়। একই বছরের ৭ নভেম্বর লাদাখে চারটি চীনা হেলিকপ্টার সীমান্ত অতিক্রম করে প্রবেশের অভিযোগ ওঠে। এর মধ্যে একটি প্রায় ৩০ মিনিট একই এলাকায় অবস্থান করেছিল বলে জানা যায়।
২০১৭ সালের জুনে উত্তরাখণ্ডের চামোলি জেলায় দুটি চীনা সেনা হেলিকপ্টার প্রায় পাঁচ মিনিট ধরে চক্কর দেয়। ডোকলাম অচলাবস্থা শুরুর প্রায় তিন মাস আগে এ ঘটনা ঘটেছিল।