ইউরোপে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ

অর্থবছর ২০২৬-২৭-এর প্রথম চার মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ। তবে এই প্রবৃদ্ধির প্রায় ৯৮ শতাংশই এসেছে স্পেনের বাজার থেকে। বিপরীতে, জার্মানিতে রপ্তানি প্রায় স্থবির এবং ফ্রান্সে কমেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ইইউতে বাংলাদেশ ৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬ দশমিক ২৬ বিলিয়ন ডলার। অর্থাৎ রপ্তানি বেড়েছে ১৭৪ দশমিক ৫১ মিলিয়ন ডলার।

এই সময়ে স্পেনে রপ্তানি ১৩ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে জার্মানিকে ছাড়িয়ে ইইউতে বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক রপ্তানি গন্তব্য হয়েছে স্পেন। অন্যদিকে, জার্মানিতে রপ্তানি বেড়েছে মাত্র ০ দশমিক ০১ শতাংশ। ফ্রান্সে কমেছে ৭ দশমিক ৮৭ শতাংশ।

নেদারল্যান্ডসে রপ্তানি ৮ দশমিক ৬৮ শতাংশ এবং পোল্যান্ডে ২ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। তবে ইইউর অন্যান্য দেশগুলোতে সম্মিলিতভাবে রপ্তানি কমেছে ১ দশমিক ৩৪ শতাংশ।

খাতসংশ্লিষ্টরা বলছেন, ইউরোপের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এলডিসি থেকে উত্তরণের পর শুল্কসুবিধা হারানোর আশঙ্কায় ইউরোপীয় ক্রেতারা বিকল্প উৎসের দিকে ঝুঁকছেন। পাশাপাশি তুলাভিত্তিক পোশাকের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং কৃত্রিম তন্তুভিত্তিক পোশাক উৎপাদনে পিছিয়ে থাকাও বড় চ্যালেঞ্জ।

তাদের মতে, ইউরোপের বাজারে অবস্থান ধরে রাখতে পণ্যের বৈচিত্র্য বাড়ানো, উৎপাদন সক্ষমতা উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক বাণিজ্য সুবিধা নিশ্চিত করা জরুরি।

Home R3