ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত অবসানে দ্রুত কূটনীতি শুরুর আহ্বান এরদোগানের

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে আর দেরি না করে কূটনৈতিক আলোচনা শুরু করা উচিত।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, তুরস্কের আন্তালিয়া প্রদেশে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন এরদোগান।

বৈঠকে এরদোগান ‘আর দেরি না করে আলোচনার টেবিলে ফেরার গুরুত্ব’ তুলে ধরেন। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি । তুরস্কের আন্তালিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এরদোগান বলেন, ‘সমঝোতায় পৌঁছানোর অভিন্ন ভিত্তি আরও শক্তিশালী ও কূটনীতিকে সুযোগ দিতে হবে।’ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় মধ্যপ্রাচ্যে এ যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

Home R3