রাজধানী ঢাকার ক্রমবর্ধমান যানজট নিরসনে এক মাসের মধ্যে দৃশ্যমান উন্নতি আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা।
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক আবদুস সালাম বলেন, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে পুলিশের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন, অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং স্থানীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হয়েছে।
যানজট কমাতে অটোরিকশাচালকদের বিকল্প কর্মসংস্থানের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। প্রয়োজনে সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে শৃঙ্খলা আনা হবে।
অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, প্রায় তিন ঘণ্টার বৈঠকে ধাপে ধাপে করণীয় নির্ধারণ করা হয়েছে এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, এক সপ্তাহের মধ্যে স্থানীয় পর্যায়ে আলোচনা করে পরিকল্পনা চূড়ান্ত করা হবে এবং আগামী এক মাসের মধ্যে কাজের অগ্রগতি জানানো হবে।
বৈঠকে সিটি করপোরেশন, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।