২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ড্রেজার নয় শ্রমিক দিয়ে খাল খনন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ড্রেজার ব্যবহার না করে শ্রমিকের মাধ্যমে খাল খননের ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং এর মাধ্যমে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

মঙ্গলবার সকালে বোদা উপজেলা-র ঝিনাইকুড়ি নদী পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ড্রেজার দিয়ে খনন কাজে ব্যয় কম হলেও শ্রমিক দিয়ে কাজ করলে কিছুটা বেশি খরচ হয়। তবে সরকার বেশি ব্যয় হলেও মানুষের কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিচ্ছে। “আমরা একজনকে ধনী করতে চাই না, বরং শত মানুষের জীবিকা নিশ্চিত করতে চাই,”—বলেন তিনি।

তিনি আরও বলেন, সরকার চায় না মানুষ কাজের জন্য ঢাকামুখী হোক; বরং স্থানীয় পর্যায়েই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করবে।

ঐতিহাসিক উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সালের মধ্যে হাজারো নদী ও খাল খননের মাধ্যমে দেশে খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। এতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।