২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গণমাধ্যমকর্মীদেরও জবাবদিহিতার মধ্যে থাকতে হবে: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী যদি জবাবদিহিতার মধ্যে থাকেন, তাহলে গণমাধ্যমকর্মীদেরও জবাবদিহিতার মধ্যে থাকা উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, রাজনৈতিক দলের নেতাকর্মী হলেই যেমন যা খুশি করা যায় না, তেমনি কোনো গণমাধ্যম বা সাংবাদিকের পরিচয়পত্র থাকলেই যা ইচ্ছা করা যাবে না।

তথ্যমন্ত্রী আরও বলেন, সাংবাদিকতার মহান পেশা কিছু মানুষের কারণে বিতর্কিত হয়ে পড়েছে। তিনি সতর্ক করে বলেন, রাজনীতির নামে যা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। ফলে সাংবাদিক ও রাজনীতিবিদ—উভয়কেই সতর্ক হতে হবে। বিশেষ করে গত ৫ আগস্টের পর রাজনীতিবিদরা বিষয়টি উপলব্ধি করেছেন। এখন অপসাংবাদিকতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে, যাতে সৎ সাংবাদিকরা টিকে থাকতে পারেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক হিসেবে সঞ্চালনা করেন এফ এম নাজমুল রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান এবং উপজেলা বিএনপির সদস্যসচিব পান্না মোল্লাসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।