বাজারে নতুন নোট পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
নতুন নোট কোনো পণ্য নয় : মুখপাত্র বলেন, প্রতিটি উৎসব ঘিরে নতুন নোটের চাহিদা থাকে। বিশেষ করে ঈদ সামনে রেখে বাজারে নতুন নোট সংগ্রহের প্রবণতা অনেক বেশি দেখা যায়। তবে নতুন নোটকে পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি।
তিনি বলেন, নতুন নোট কোনো পণ্য নয় যে তা বাজারে বিক্রি হবে। কেউ যদি নতুন নোট বিক্রির সঙ্গে জড়িত থাকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি দেখবে।
ক্যাশলেস বাংলাদেশের দিকে অগ্রযাত্রা : বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, উৎসব কেন্দ্র করে নতুন নোটের প্রতি মানুষের একটি আবেগ বা আকাক্সক্ষা রয়েছে। তবে ধীরে ধীরে এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, আমরা ধীরে ধীরে ক্যাশলেস বাংলাদেশের দিকে এগোচ্ছি। ফলে নগদের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।