১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বর্তমানে দেশের জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তিনি মঙ্গলবার সচিবালয়ে তেলের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশে পেট্রোল ও অকটেনে কার্যত সংকট নেই। পেট্রোল সম্পূর্ণ দেশেই উৎপাদন ও পরিশোধিত হয়। অকটেনের সিংহভাগও দেশ থেকে আসে, কিছু মাত্র আমদানি করতে হয়। তবে ডিজেল ও ফার্নেস অয়েলের জন্য আমদানির ওপর নির্ভরতা বেশি।

তিনি বলেন, পেট্রোল পাম্পে লম্বা লাইনের কারণ হলো সাধারণ মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। কোনো যৌক্তিক কারণে জ্বালানি সংকট হয়নি এবং যেহেতু দাম বাড়েনি, তাই শঙ্কা ধীরে ধীরে কমবে, যোগ করেন প্রতিমন্ত্রী।

জাহাজের অবস্থা সম্পর্কে তিনি জানান, দুটি জাহাজের মধ্যে একটি গতরাতে দেশে এসেছে, আরেকটি আজ দুপুরে খালাস করা হবে। ১২ মার্চ আরও একটি জাহাজ আসবে।

ভারত থেকে সরবরাহিত পাইপলাইন সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, প্রতিমাসে গড়ে ১৫ হাজার টন জ্বালানি আসে। বাকি জ্বালানি ধারাবাহিকভাবে আসছে। ভারতের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা হয়েছে, প্রয়োজনে সরবরাহ বাড়ানো হবে।

তিনি আরও জানান, অসাধু চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে আছে এবং সিলিং করা হয়েছে। জনদুর্ভোগ না হয় তা নিশ্চিত করতে প্রয়োজন হলে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া রাইড শেয়ারকারীদের সুবিধার্থে আজ থেকে প্রতিদিন ৫ লিটার করে তেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, রোজা ও ঈদ নির্বিঘ্নে উদযাপন হবে এবং মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা স্বাভাবিক প্রক্রিয়ায় কমে যাবে।