দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল আগামী শাওয়াল মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড অথরেটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।
সোমবার (৯ মার্চ) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এদিকে গত ৭ শাবান ১৪৪৭ হিজরি, ২৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়েছে। দেশের ২৫৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষায় অংশ নেয় মোট ২৩ হাজার ৮৮১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ছিল ১৫ হাজার ২৬৮ জন এবং ছাত্রী ছিল ৮ হাজার ৬১৩ জন।
পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে ফলাফল প্রকাশের সময় নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
ফল প্রকাশের বিষয়ে মু. অছিউর রহমান বলেন, পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ হওয়ার পর নির্ধারিত সময়েই ফলাফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য; চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ২১ মার্চ কিংবা ২২ মার্চ থেকে শুরু হবে আরবি শাওয়াল মাস।