২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের তৎপরতা চলতে দেওয়া হবে না: আইজিপি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের তৎপরতা চলতে দেওয়া হবে না: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এমন কোনো রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ যদি জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে ছাড় না দিয়ে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব পুলিশ ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে আয়োজিত এক ভার্চ্যুয়াল সভায় আইজিপি এই নির্দেশনা দেন।

বাহারুল আলম বলেন, যেকোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধে জড়ালে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়ে আইজিপি বলেন, ‘যেকোনো মূল্যে মহাসড়কে ডাকাতি বন্ধ করতে হবে।’ এ ক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সমন্বিতভাবে কাজ করার এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিপিরা উপস্থিত ছিলেন। জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।