সমগ্র দেশেই বিরাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই নির্বাচনের ভোটগ্রহণ। নিজ নিজ কেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ইতিমধ্যে রাজধানীরসহ দেশের বড় বড় শহর ছাড়ছেন সাধারণ মানুষ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।
আগামীকাল বুধবার শেষ কর্মদিবস হওয়ার কথা থাকলেও অনেকেই আগেভাগেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল থেকে ভিড় আরো বাড়বে। বাসের আগাম টিকিটও প্রায় শেষ।
এদিকে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি দেখা গেছে।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটারই দুই-তিন দিনের ছুটি নিয়ে সন্তানদের নিয়ে গ্রামের পথে রওনা হয়েছেন। অনেকে বলছেন, কয়েক বছর পর একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার সুযোগ পাওয়ায় তারা এই বাড়তি কষ্টটুকু মেনে নিচ্ছেন।