মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ জাহাজ

মার্কিন নৌ-অবরোধ চ্যালেঞ্জ করে তেল রপ্তানির প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির প্রধান তেল রপ্তানি টার্মিনাল খার্গ দ্বীপের কাছে অন্তত ১৪টি তেলবাহী ট্যাংকার অবস্থান করছে। এসব জাহাজ অবরোধ অতিক্রমের চেষ্টা করলে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে সরাসরি সংঘাতের আশঙ্কা রয়েছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, অবরোধ ভাঙতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেবে তেহরান। দেশটির এক পার্লামেন্ট সদস্য হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের তেল রপ্তানি বন্ধ করা হলে অন্যদেরও তেল বিক্রি করতে দেওয়া হবে না। প্রয়োজনে আঞ্চলিক তেল স্থাপনায় পাল্টা হামলার হুমকিও দিয়েছে ইরান।

মার্কিন অবরোধে ইরানের প্রায় ৪ কোটি ৩০ লাখ ব্যারেল তেল আটকে রয়েছে বলে জানিয়েছে কেপলার। এতে দেশটির মাসে ৩০০ কোটি থেকে ৬০০ কোটি ডলার রাজস্ব হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে যুদ্ধের কারণে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানে বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের ঘোষণাও এসেছে।

এদিকে ওমান উপকূলের কাছে একাধিক ট্যাংকারে হামলার খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৬৫ শতাংশ কমেছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশ্লেষকদের মতে, ট্যাংকার পাঠানোর প্রস্তুতি একদিকে ইরানের অর্থনৈতিক চাপ মোকাবিলার চেষ্টা, অন্যদিকে যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরানোর কৌশল হতে পারে। তবে অবরোধ ভাঙার চেষ্টা এবং মার্কিন বাহিনীর বাধা নতুন করে ইরান-যুক্তরাষ্ট্র সামরিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলছে।

Home R3