ইউরোপের দেশ গ্রিস ও সাইপ্রাস থেকে ৪৪ বাংলাদেশিকে পাঠানো হলো ফেরত

নথিপত্রহীন ও অনিয়মিতভাবে ইউরোপে যাওয়া আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের খাবার, জরুরি সহায়তা, কাউন্সেলিং ও বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় এসব সহায়তা দেওয়া হয়। পরবর্তী সময়ে প্রশিক্ষণ শেষে তাঁদের অর্থনৈতিক সহায়তাও দেওয়া হবে।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনিয়মিতভাবে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছেন। এভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। অন্যদিকে, অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ইউরোপের অবস্থান কঠোর হওয়ায় অনেককে দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে।

তিনি বলেন, ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও অনিয়মিত পথে ইউরোপে গিয়ে অনেকে শেষ পর্যন্ত ব্যর্থ হচ্ছেন। তাই ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে দক্ষতা অর্জন করে বৈধভাবে বিদেশ যাওয়ার আহ্বান জানান তিনি।

শরিফুল হাসান আরও জানান, ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের এসওপি চুক্তি স্বাক্ষরের পর থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক এসেছেন ইতালি, গ্রিস, জার্মানি, সাইপ্রাস, রোমানিয়া, ফ্রান্স ও মাল্টা থেকে। দেশে ফেরার পর তাঁদের পুনর্বাসনে সহায়তার পাশাপাশি ঝুঁকিপূর্ণ অভিবাসন ঠেকাতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

Home R3