বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে নির্বাচিতদের সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ

সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। দেশটির খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে (DHL Supply Chain Malaysia) কর্মী নিয়োগের লক্ষ্যে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষার তারিখ এবং সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) তত্ত্বাবধানে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। লটারিতে নির্বাচিত ৩০০ জনের মধ্য থেকে সাক্ষাৎকার ও দক্ষতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীরা কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন।

সাক্ষাৎকারের স্থান ও নির্দেশনা :

প্রার্থীদের সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকার ইস্কাটন গার্ডেনের প্রবাসী কল্যাণ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত প্রবাসী মিলনায়তনে। ঠিকানা: ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা।

সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় প্রত্যেক প্রার্থীকে অবশ্যই মূল পাসপোর্ট সঙ্গে আনতে হবে। মূল পাসপোর্ট ছাড়া কোনো প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে না। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, কারিগরি দক্ষতা ও কাজের অভিজ্ঞতার প্রমাণস্বরূপ প্রয়োজনীয় মূল সনদপত্র এবং কাগজপত্রের অনুলিপি সঙ্গে রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী প্রার্থীদের নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ থাকবে না। এ ছাড়া প্রার্থীদের মার্জিত ও পেশাদার পোশাকে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বোয়েসেলের মাধ্যমে মধ্যস্বত্বভোগী বা দালালের কোনো সহযোগিতা ছাড়াই যোগ্যতার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাই প্রার্থীদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: বোয়েসেল

Home R3