পর্তুগালে যেসব বাড়ির মালিকের হাতে বাড়তি সঞ্চয় রয়েছে, তাঁরা চাইলে নির্ধারিত সময়ের আগেই গৃহঋণের (মর্টগেজ) একটি অংশ পরিশোধ করতে পারেন। এতে ঋণের বকেয়া কমার পাশাপাশি ব্যাংকের সুদের খরচও কমে। তবে আগাম ঋণ পরিশোধের ক্ষেত্রে মাসিক কিস্তি কমানো নাকি ঋণের মেয়াদ কমানো হবে, তা গুরুত্বপূর্ণ।
মাসিক কিস্তি কমালে ঋণের মেয়াদ আগের মতোই থাকে। ফলে প্রতি মাসে সংসারের খরচ চালানোর জন্য বাড়তি অর্থ হাতে থাকে।
অন্যদিকে, ঋণের মেয়াদ কমালে মাসিক কিস্তি প্রায় আগের মতো রেখেই কম সময়ে পুরো ঋণ পরিশোধ করা যায়। এতে দীর্ঘমেয়াদে সুদের খরচ তুলনামূলক বেশি কমতে পারে। তবে ঋণের মেয়াদ কমাতে ব্যাংকের সম্মতি প্রয়োজন।
পর্তুগালের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকো দে পর্তুগালের নির্দেশনা অনুযায়ী, আংশিক ঋণ আগাম পরিশোধ করতে চাইলে অন্তত সাত কর্মদিবস আগে ব্যাংককে জানাতে হবে। নির্ধারিত মাসিক কিস্তি পরিশোধের দিনেই এই অর্থ জমা দিতে হবে। আর পুরো ঋণ নির্ধারিত সময়ের আগে পরিশোধ করতে চাইলে অন্তত ১০ কর্মদিবস আগে ব্যাংককে জানাতে হবে।
আগাম ঋণ পরিশোধের ক্ষেত্রে ব্যাংক নির্দিষ্ট হারে মাশুল নিতে পারে। ২০২৬ সালে পরিবর্তনশীল সুদের ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ০.৫ শতাংশ এবং নির্দিষ্ট সুদের ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ২ শতাংশ মাশুল নেওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ, ১০ হাজার ইউরো আগাম পরিশোধ করলে প্রথম ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ ইউরো এবং দ্বিতীয় ক্ষেত্রে ২০০ ইউরো মাশুল হতে পারে। তবে ব্যাংক চাইলে এর চেয়ে কম মাশুল নিতে পারে বা মাশুল মওকুফও করতে পারে।
কোন পদ্ধতিতে বেশি লাভ হবে, তা নির্ভর করবে ঋণগ্রহীতার আর্থিক অবস্থার ওপর। যাঁরা মাসিক খরচ কমাতে চান, তাঁদের জন্য কিস্তি কমানো সুবিধাজনক। আর যাঁদের নিয়মিত কিস্তি দেওয়ার সামর্থ্য রয়েছে, তাঁরা ঋণের মেয়াদ কমিয়ে দীর্ঘমেয়াদে বেশি সুদের অর্থ সাশ্রয় করতে পারেন।
সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যাংকের কাছ থেকে দুই পদ্ধতির হিসাব ও সম্ভাব্য মাশুল জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে ব্যাংকো দে পর্তুগাল।
সূত্র : দ্য পর্তুগাল নিউজ
Do you like this personality?