ইউরোপে বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্সের সুযোগ

ইউরোপে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্স করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইরাসমাস মুন্ডাস কর্মসূচির আওতায় নতুন ৩৭টি যৌথ মাস্টার্স প্রোগ্রাম নির্বাচন করা হয়েছে। এসব প্রোগ্রামে মেধার ভিত্তিতে পূর্ণ বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে।

ইউরোপীয় কমিশন গত ১৬ জুলাই নতুন প্রোগ্রামগুলোর ঘোষণা দেয়। ২০২৭ সালের সেপ্টেম্বরে কোর্স শুরু হবে এবং আবেদন নেওয়া হবে ২০২৬ সালের শরৎকাল থেকে। প্রতিটি প্রোগ্রামের আবেদনের সময়সীমা আলাদা।

নতুন কোর্সগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, মেডিকেল ইমেজ অ্যানালাইসিস, অ্যানিমেশন, পরিবেশ ব্যবস্থাপনা, ন্যানো-ইঞ্জিনিয়ারিং ও সংক্রামক রোগবিষয়ক বিভিন্ন বিষয়।

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে টিউশন ফি, ভ্রমণ, ভিসা ও জীবনযাত্রার খরচের সহায়তা দেওয়া হয়। নির্বাচিত শিক্ষার্থীরা সাধারণত মাসে ১ হাজার ৪০০ ইউরো ভাতা পান। দুই বছরে যার পরিমাণ ৩৩ হাজার ৬০০ ইউরো।

এদিকে বিদ্যমান ‘ইউরোকালচার জয়েন্ট মাস্টার্স’ প্রোগ্রামে ২০২৭-২৯ শিক্ষাবর্ষের আবেদন শুরু হয়েছে। এ প্রোগ্রামে পূর্ণ বৃত্তির জন্য আবেদন করা যাবে ২০২৭ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত। আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬ দশমিক ৫ স্কোর প্রয়োজন।

আগ্রহীদের সংশ্লিষ্ট প্রোগ্রামের ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে হবে। ইউরোকালচার প্রোগ্রামে আবেদন করতে কোনো ফি লাগবে না। এ ক্ষেত্রে শিক্ষাগত সনদ, ট্রান্সক্রিপ্ট, সিভি, ইংরেজি দক্ষতার প্রমাণ, একাডেমিক লেখার নমুনা এবং দুজন সুপারিশকারীর তথ্য জমা দিতে হবে। এ বৃত্তির ফল ২০২৭ সালের মার্চের শেষ নাগাদ প্রকাশের কথা রয়েছে।

Home R3