ইতালির পার্লামেন্টে সাইবার হামলা, মেলোনির ইমেইলও আক্রান্ত

ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষের কম্পিউটার ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ কয়েকজন আইনপ্রণেতার ইমেইল অ্যাকাউন্ট আক্রান্ত হয়েছে বলে মঙ্গলবার (২৯ অক্টোবর) জানিয়েছে বার্তা সংস্থা আনসা।

হামলায় নিম্নকক্ষের পুরো কম্পিউটার ব্যবস্থা আক্রান্ত হলেও প্রযুক্তিবিদরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তর পালাজ্জো চিগির সূত্র জানিয়েছে, আক্রান্ত ইমেইল অ্যাকাউন্টটি মেলোনি সরকারি কাজে ব্যবহার করেন না।

পার্লামেন্টের নিম্নকক্ষের সূত্রগুলো জানিয়েছে, ঘটনাটিকে জরুরি নিরাপত্তা পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে না। এ ধরনের সাইবার হামলা প্রায় প্রতিদিনই ঘটে থাকে। জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে কম্পিউটার সিস্টেমের কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এটি স্বাভাবিক নিরাপত্তা প্রক্রিয়ারই অংশ।

সূত্রগুলো আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এ ধরনের হামলা ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থার ওপর চাপ বেড়েছে। ইতালির পাশাপাশি ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানসহ আন্তর্জাতিক সংস্থাগুলোও একই ধরনের সাইবার হামলার মুখে পড়ছে।

Home R3