আওয়ামী লীগকে অপপ্রচারকারী দল আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে। এই দুই দল অপপ্রচার ও কুৎসা রটনায় মেতে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ছিল একটা অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। তারা এই অপপ্রচারে মেতে উঠেছেন। আমি বলেছি, প্রমাণ আছে। নিজের বক্তব্যের মধ্য দিয়েই তারা বলেছেন, তারা আওয়ামী লীগকে মাফ করে দেবেন, তাদের সবকিছু বৈধ করে দেবেন।’
রিজভী বলেন, অপপ্রচারে আওয়ামী লীগ ও আরেকটি রাজনৈতিক দলের সঙ্গে অন্য কেউ প্রতিযোগিতায় পারবে না। একটি দল নিষিদ্ধ ঘোষিত, আরেকটি এখন বিরোধী দলের ভূমিকা পালন করছে। তাদের অপপ্রচার ও কুৎসা রটানোর প্রবণতা একই রকম বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘তারা নিজেরাই বলেছে, আওয়ামী লীগের সব মাফ করে দেব। প্রধানমন্ত্রীর কাছে প্রমাণ আছে বলেই তিনি কথা বলেছেন। বিভিন্ন জায়গায় নানা ঘটনায় দেখা গেছে, তাদের আচরণ গুপ্তদের আচরণ এবং পরাজিত শক্তির আচরণের সঙ্গে প্রায় অভিন্ন। তাদের কথাবার্তাও একই ধরনের।’