বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আড়াই শতাধিক আটক

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন বড় শহরে বিক্ষোভে অংশ নিয়েছেন লাখো মানুষ। শিক্ষার্থী, শিক্ষক, ট্রেড ইউনিয়নের সদস্য ও ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা এতে যোগ দিয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) প্যারিসের প্লেস দে লা রিপাবলিক চত্বর ও আশপাশের এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে।

দক্ষিণাঞ্চলীয় মার্সেই শহরে বিক্ষোভকারীরা টাউন হল চত্বরে ভাঙচুর চালান। অন্যদিকে, লিঁও শহরে একটি পর্যটন অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, দুপুরের মধ্যেই দেশজুড়ে ১৪০টির বেশি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আড়াই শতাধিক মানুষকে আটক করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান জাতীয় ঋণ ও বাজেট ঘাটতি সামাল দিতে সরকার যখন চাপে রয়েছে, তখন উচ্চ কর ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। এর আগে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদেও আন্দোলনে নেমেছিল। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের জমে থাকা ক্ষোভ থেকেই এবারের বিক্ষোভের বিস্তার ঘটেছে বলে মনে করছেন তাঁরা।

রাজনৈতিক গবেষকদের মতে, ফরাসি জনগণের মধ্যে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে শুক্রবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জনগণকে শান্ত থাকার এবং সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

সূত্র: আল জাজিরা