ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সরকারের ভালো কাজগুলো গণমাধ্যমে গুরুত্ব দিয়ে তুলে ধরার আহ্বানও জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মায়েদের নামে ফ্যামিলি কার্ড দিয়ে তাঁদের শক্তিশালী করেছেন। এ কার্ডের সুবিধা পাওয়ার বিষয়টি পারিবারিক সম্পর্কের ওপর প্রভাব ফেলছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘মায়েরাই এই সুফল ভোগ করবেন। মায়েদের দুইটা সন্তানসহ তালাক দিবা, সেই সুযোগ আর নাই। এই তালাক বন্ধ করেছে এই ফ্যামিলি কার্ড।’
চিফ হুইপ আরও বলেন, ‘ভালো না মন্দ কাজ? যদি ভালো হয় আপনারা বড় করে লেখেন। ভালো কাজগুলো বারবার মনে করায়ে দিয়েন।’
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তির অর্থ দিয়ে দেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা যেত। এ ছাড়া বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করেছিল বলেও অভিযোগ করেন তিনি।
সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বার্তা হলো, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে দেশ পরিচালিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি দাবি করেন, গত দুই বছরে দেশে কোনো প্রতিমা বা মূর্তি ভাঙার ঘটনা ঘটেনি।
সভায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত খুদা, জেলা পরিষদ প্রশাসক ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।