যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর কাজী আজিজুল হক খোকনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহত কাজী আজিজুল হক খোকন নিউইয়র্কের কুইন্সের কিউ গার্ডেনস এলাকায় একাই বসবাস করতেন। তিনি জ্যাকসন হাইটসের একটি দোকানে কাজ করতেন এবং প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের মাগুরা জেলায়।
স্বজন ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন খোকন। নিখোঁজের পাঁচ দিন পর স্থানীয় সময় বুধবার ৭ অক্টোবর রাতে নিউইয়র্ক সিটির একটি হাসপাতালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
তবে মরদেহের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় সেটি বর্তমানে ব্রুকলিনের উইনথ্রোপ স্ট্রিটে অবস্থিত নিউইয়র্ক সিটি চিফ মেডিকেল এক্সামিনারের কার্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।
এদিকে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। মৃত্যুর কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও মেডিকেল পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।
প্রসঙ্গত, কাজী আজিজুল হক খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।