আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি করবে না বাংলাদেশ। সাধারণত দুর্গাপূজার আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে। তবে এবার সেই সময় পেরিয়ে যাওয়ায় এবং আগের অনুমতিগুলো বাতিল হওয়ায় ব্যবসায়ীদের হাতে রপ্তানির আর সুযোগ নেই।
এদিকে বাংলাদেশের জেলেদের ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময়ও ঘনিয়ে আসায় এবার ভারতেও ইলিশ পাঠানোর সম্ভাবনা থাকছে না।
বাণিজ্যের এই পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়াকে উল্লেখ করা হয়েছে। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে উল্টো ভারত থেকে ইলিশ আমদানি করা হচ্ছে। বিশেষ করে ভারতের গুজরাট থেকে আমদানি করা ইলিশে প্রচুর ডিম থাকায় চট্টগ্রাম ও সিলেটের বাজারে এসব মাছের চাহিদা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১২ সাল থেকে বাংলাদেশ সাধারণত ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছিল। তবে ২০১৯ সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছর সাময়িকভাবে এ নিষেধাজ্ঞা শিথিল করে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হতো। রাজনৈতিক পটপরিবর্তনের পরও এ ধারা অব্যাহত ছিল।
তবে এবার সেই সুযোগ না থাকায় আসন্ন দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে না।
সূত্র: ফার্স্টপোস্ট