বাংলাদেশি লাইসেন্স নিয়ে যুক্তরাষ্ট্রে গাড়ির ড্রাইভিং করবেন যেভাবে

যুক্তরাষ্ট্রে বেড়াতে যাওয়া বাংলাদেশিরা বৈধ বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিছু অঙ্গরাজ্যে গাড়ি চালাতে পারেন। তবে পুরো যুক্তরাষ্ট্রে এ বিষয়ে একই নিয়ম বা নির্দিষ্ট সময়সীমা নেই। ভিজিটর নাকি সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের বাসিন্দা, তার ওপরও নিয়ম পরিবর্তিত হয়।

নিউইয়র্ক স্টেট ডিএমভির তথ্য অনুযায়ী, অন্য দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ভিজিটররা নিউইয়র্কে গাড়ি চালাতে পারেন। তবে কেউ নিউইয়র্কের বাসিন্দা হলে বাসিন্দা হওয়ার ৩০ দিনের মধ্যে নিউইয়র্কের ড্রাইভিং লাইসেন্স নিতে হয়।

ক্যালিফোর্নিয়ায় ১৮ বছর বা তার বেশি বয়সী ভিজিটররা নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারেন। তবে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা হলে ১০ দিনের মধ্যে স্টেটের ড্রাইভিং লাইসেন্স নিতে হয়।

টেক্সাসে বৈধ ও মেয়াদোত্তীর্ণ না হওয়া বিদেশি ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে সর্বোচ্চ এক বছর পর্যন্ত গাড়ি চালানোর সুযোগ রয়েছে, অথবা কেউ টেক্সাসের বাসিন্দা হলে তার আগেই এ সুবিধা শেষ হয়। নতুন বাসিন্দাদের টেক্সাসের লাইসেন্সের জন্য ৯০ দিনের মধ্যে আবেদন করতে হয়। তবে বিদেশি লাইসেন্সের ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা ও আন্তর্জাতিক চুক্তির শর্ত প্রযোজ্য হতে পারে।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা আইডিপি নিয়েও অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। আইডিপি মূল ড্রাইভিং লাইসেন্সের বিকল্প নয়। এটি মূল লাইসেন্সের তথ্য অন্য ভাষায় বোঝাতে সহায়ক একটি নথি। তাই যুক্তরাষ্ট্রে গাড়ি চালানোর আগে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের নিয়ম এবং গাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শর্ত জেনে নেওয়া প্রয়োজন।

অতএব, ‘বাংলাদেশি লাইসেন্সে যুক্তরাষ্ট্রজুড়ে ১২ মাস গাড়ি চালানো যায়’ কিংবা ‘আইডিপি ছাড়া কোনো ভাড়ার গাড়ি পাওয়া যায় না’—এমন একক নিয়ম পুরো যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অঙ্গরাজ্যভেদে নিয়ম আলাদা হওয়ায় ভ্রমণের আগে সংশ্লিষ্ট স্টেটের ডিএমভির সর্বশেষ নির্দেশনা যাচাই করাই নিরাপদ।

Home R3