ইউরোপীয় ইউনিয়নের দেশ স্লোভেনিয়ায় প্রথমবারের মতো ইসরাইলি দূতাবাস উদ্বোধনের প্রতিবাদে রাজধানী লুবলিয়ানায় হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানের কাছাকাছি এলাকায় মিছিল করেন তারা। বিক্ষোভকারীদের হাতে ছিল ‘শান্তি ও ফিলিস্তিনের জন্য আমরা একসঙ্গে’ এবং ‘গণহত্যা আত্মরক্ষা নয়’ লেখা ব্যানার।
প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার সরকারের ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগের বিরোধিতা করে বিক্ষোভকারীরা বলেন, এতে স্লোভেনিয়ার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জুনে এক জনমত জরিপে ৫৬ শতাংশ স্লোভেনীয় ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধিতা করেন, যেখানে মাত্র ১৪ শতাংশ এর পক্ষে মত দেন।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী রবার্ট গোলবের লিবারেল ফ্রিডম মুভমেন্ট ও লেফট পার্টি প্রধানমন্ত্রী ইয়ানশার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব সংসদে জমা দিয়েছে। দল দুটির অভিযোগ, সরকারের পররাষ্ট্রনীতি ইসরাইলের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে।
এর আগে গোলব সরকারের সময় স্লোভেনিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং ইসরাইলের বিরুদ্ধে কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করে। তবে জুলাইয়ে ইয়ানশা ক্ষমতায় আসার পর এসব নীতিতে পরিবর্তন আনা হয় এবং সরকারি ভবন থেকে ফিলিস্তিনি পতাকাও সরিয়ে দেওয়া হয়।
দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার স্লোভেনিয়ার সরকারকে ইসরাইলের প্রতি বন্ধুত্বপূর্ণ অবস্থানের জন্য ধন্যবাদ জানান এবং দিনটিকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।
এর এক দিন আগে যুক্তরাজ্য অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করে। ফ্রান্স ও কানাডাও একই ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে।
সূত্র: আলজাজিরা