৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া

স্কুলপড়ুয়া ১৪ বছরের কম বয়সী মেয়ে শিক্ষার্থীদের জন্য হিজাব পরিধান সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়া। সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে রাজধানী ভিয়েনাসহ দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই নতুন নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, গত বছরের ডিসেম্বরে অস্ট্রিয়ার পার্লামেন্টে ১৪ বছরের কম বয়সীদের হিজাব নিষিদ্ধসংক্রান্ত বিতর্কিত বিলটি পাস হয়। বিলটির পক্ষে যুক্তি দেখিয়ে বলা হয়েছিল, অল্প বয়সে হিজাব চাপিয়ে দেওয়া মেয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাধীনতার পরিপন্থি। পার্লামেন্টে ভোটাভুটির সময় দেশটির ক্ষমতাসীন জোট সরকারের তিন শরিক দলের প্রায় সব আইনপ্রণেতাই বিলটির সপক্ষে ভোট দেন।

বিলটি পাসের পরপরই অস্ট্রিয়ার বৃহত্তম মুসলিম সংগঠন ‘দ্য ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া’ (আইজিজিও) এর তীব্র বিরোধিতা করে। সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, আইনটি অস্ট্রিয়ার সংবিধানে স্বীকৃত মৌলিক ধর্মীয় অধিকার ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। নতুন এই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে দেশটির সাংবিধানিক আদালতে একটি পিটিশনও দায়ের করেছিল আইজিজিও। তবে গত জুলাই মাসে আদালত সেই পিটিশন খারিজ করে দেন। আদালত পর্যবেক্ষণে জানান, নাগরিকদের মধ্যে বিভেদ বা বৈষম্য উসকে দেয় এমন কোনো কিছু দেশটির সংবিধান সমর্থন করে না।

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর সোমবার অস্ট্রিয়ার জাতীয় টেলিভিশন চ্যানেল ওআরএফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির শিক্ষামন্ত্রী বলেন, পার্লামেন্টে বিলটি উত্থাপনের আগেই আমরা বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যালোচনা করেছি। এটি যাতে কোনোভাবেই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

এদিকে স্কুলপর্যায়ে হিজাব নিষিদ্ধের এই সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দেশটির বামপন্থী রাজনৈতিক দলগুলো। অবিলম্বে আইনটি বাতিলের দাবিতে তারা ইতিমধ্যে রাজপথে প্রতিবাদ ও আন্দোলনের ডাক দিয়েছে।

Home R3