মাদরাসার ছাত্ররা কোনো ধরনের মাদক বা ড্রাগ সেবন করে এমন অভিযোগ কেউ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, মাদরাসার শিক্ষার্থীরা কখনো ড্রাগ সেবন করে না। তারা ইয়াবা বা গাঁজা সেবন করে এমন কথা কেউ বলতে পারবে না। এমনকি ব্যতিক্রমী ঘটনা ছাড়া মাদরাসার কোনো ছাত্রের ঠোঁটে সিগারেটও দেখা যায় না।
এ সময় কওমি মাদ্রাসা শিক্ষার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, দেশের কওমি শিক্ষার যথাযথ মানোন্নয়নে সরকারের দৃশ্যমান আন্তরিকতার অভাব রয়েছে।
দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও জনস্বার্থ নিয়ে জামায়াত আমির বলেন, জনগণের স্বার্থ সুরক্ষায় বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। আর সরকারের এই ব্যর্থতার কারণেই ১১ দলীয় জোটকে বাধ্য হয়ে রাজপথে কর্মসূচি ঘোষণা করতে হচ্ছে। জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় বিরোধী দল জাতীয় সংসদের পাশাপাশি রাজপথেও সমানভাবে সোচ্চার থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।