২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নেপাল–তিব্বতে মৃত্যু বেড়ে ১৭৭, নিখোঁজ দেড় হাজার

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। তাঁদের মধ্যে ৮০০ জনের বেশি বিদেশি পর্যটক রয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও আশপাশের কয়েকটি এলাকায় দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। নিখোঁজদের মধ্যে অন্তত ৫৪ জন মার্কিন নাগরিক ও ৩৪ জন অস্ট্রেলীয় নাগরিক রয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের ১০৫ জনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নেপালি পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৬৪ জনের মরদেহ চিতওয়ান এবং ২৬ জনের মরদেহ ইস্ট নওয়ালপরাসি জেলায় পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে ২৮ জন পুলিশ সদস্যও রয়েছেন।

দুর্যোগে দেশটির বিদ্যুৎ অবকাঠামোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মিলিয়ে প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

উদ্ধার অভিযানে নেপাল সেনাবাহিনী হেলিকপ্টার ও উদ্ধারকর্মী মোতায়েন করেছে। নিখোঁজদের উদ্ধারে ‘সর্বাত্মক’ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। দুর্গত মানুষের জন্য ৫ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

Home R3