দেশে আশঙ্কাজনক হারে জন্মহার কমতে থাকায় তরুণ দম্পতিদের সন্তান গ্রহণে উৎসাহিত করতে বড় ধরনের আর্থিক সহায়তা দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি শিশুর ১৭ বছর বয়স পর্যন্ত বেড়ে ওঠার খরচের জন্য প্রায় ৭০ হাজার সিঙ্গাপুরি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা) দেওয়া হবে।
সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওং এই বিশেষ প্রণোদনার কথা ঘোষণা করেন। সিঙ্গাপুরে জন্মহার বর্তমানে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় এই সংকট মোকাবিলায় সরকার শিশুদের জন্য এই দীর্ঘমেয়াদি আর্থিক প্যাকেজ চালু করল।
নতুন নিয়ম অনুযায়ী, সহায়তা কেবল শিশু জন্মের পরপরই সীমাবদ্ধ থাকবে না, বরং বাচ্চার পড়াশোনা, চিকিৎসা ও বেড়ে ওঠার পুরো সময় ধাপে ধাপে টাকা প্রদান করা হবে। এর আওতায় একটি শিশু জন্ম নেওয়ার পরপরই অভিভাবকরা এককালীন নগদ ১০ হাজার ডলার এবং শিশুর অ্যাকাউন্টে জমা হিসেবে ৫ হাজার ডলার পাবেন। এরপর শিশুর বয়স ১ থেকে ১৬ বছর হওয়া পর্যন্ত প্রতি বছর নগদ আরও ২ হাজার ডলার করে দেওয়া হবে। এছাড়া সন্তানের বয়স ১৭ বছর পূর্ণ হলে উচ্চশিক্ষার খরচের জন্য একবারে দেওয়া হবে আরও ১০ হাজার ডলার।
আর্থিক সহায়তার পাশাপাশি নতুন বাবা-মায়ের জন্য কর্মক্ষেত্রে ছুটির মেয়াদ বৃদ্ধি এবং বাড়ি কেনার ক্ষেত্রে বাড়তি সুবিধার ব্যবস্থাও রাখা হচ্ছে। উচ্চ জীবনযাত্রার ব্যয় ও কর্মব্যস্ততার কারণে তরুণদের সন্তান নেওয়ার বিষয়ে যে দ্বিধা রয়েছে, এই উদ্যোগের ফলে তা কেটে যাবে এবং পরিবার গঠনে উৎসাহ তৈরি হবে বলে আশা করছে দেশটির সরকার।