২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ বছরের কম বয়সিদের সামাজিক মাধ্যম নিষিদ্ধের উদ্যোগ নিচ্ছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে পার্লামেন্টে একটি নতুন বিল উত্থাপন করতে যাচ্ছে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের প্রশাসন।

প্রস্তাবিত আইন অমান্য করলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর ওপর তাদের বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপের বিধান রাখা হতে পারে বলে জানা গেছে।

সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ক্ষতিকর কনটেন্ট ও আসক্তিকর প্রযুক্তির মুখে ঠেলে দিচ্ছে। এর মারাত্মক প্রভাব পড়ছে তাদের পারিবারিক জীবন, মানসিক স্বাস্থ্য, ঘুম ও শিক্ষার ওপর। আমাদের নতুন প্রজন্মের এমন ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

আইনটি কার্যকর করতে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের জন্য ‘যুক্তিসংগত পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দেওয়া হবে। এর মধ্যে থাকবে: বিদ্যমান অ্যাকাউন্টের তথ্যাদি যাচাই। মুখ শনাক্তকরণ প্রযুক্তি (Facial Recognition)। ডিজিটাল পরিচয়পত্রের ব্যবহার।

তবে বিলটি পার্লামেন্টে পাস করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লাক্সনের জোট সরকারের শরিক ‘নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি’ ইতোমধ্যে এর বিরোধিতা করেছে। দলটির নেতা ও পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এক্সে দেওয়া এক বার্তায় জানান, অস্ট্রেলিয়ায় একই ধরনের পদক্ষেপ কার্যকর করতে গিয়ে ব্যর্থ হয়েছে। শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখার মূল দায়িত্ব অভিভাবকদেরই নেওয়া উচিত।

উদ্যোগটির বাস্তবায়ন চ্যালেঞ্জিং স্বীকার করে প্রধানমন্ত্রী লাক্সন জানান, শতভাগ শিশুকে হয়তো পুরোপুরি দূরে রাখা সম্ভব হবে না, তবে শিশুদের সুরক্ষার স্বার্থে সরকারের পক্ষ থেকে এমন কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

Home R3