১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিলিপাইনে স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীর হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা শহরের একটি উচ্চ বিদ্যালয়ে এক সপ্তম শ্রেণির শিক্ষার্থীর বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী শিক্ষার্থী নিজেই রয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) জাম্বোয়াঙ্গা শহরের অ্যাতেনেও দে জাম্বোয়াঙ্গা হাইস্কুলে এই ভয়াবহ ঘটনা ঘটে।

জাম্বোয়াঙ্গা শহরের মেয়র খাইমার আদান ওলাসো স্থানীয় রেডিও স্টেশন ডিজেডএমএম-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে, নিহত দুজনই ওই বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের একজন গুলি চালানো বন্দুকধারী।

প্রত্যক্ষদর্শী এবং ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের বরাতে জানা গেছে, হামলাকারী সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থী একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে হঠাৎ গুলি চালায়। এতে এক সহপাঠী নিহত হয় এবং পরবর্তীতে হামলাকারী নিজেও প্রাণ হারায়। তবে হামলাকারী কীভাবে মারা গেছে—তা পুলিশের গুলিতে নাকি আত্মঘাতী হয়ে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আঞ্চলিক পুলিশের মুখপাত্র শেলামি চ্যাং জানিয়েছেন, ঘটনার পর পুলিশ সদস্যরা দ্রুত স্কুল ক্যাম্পাসে পৌঁছান এবং নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান শুরু করেন। তিনি তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে না পারলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান।

এই নজিরবিহীন হামলার পর পুরো স্কুল এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে স্কুলের সামনে ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ক্যাম্পাস ঘিরে নিরাপত্তা জোরদার করেছে। একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর হাতে কীভাবে আগ্নেয়াস্ত্র পৌঁছাল এবং এই হামলার পেছনের কারণ কী, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।

Home R3