৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বর্তমান বিরোধীদলীয় নেতারা এমন ভাষায় কথা বলছেন যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে মিল রয়েছে।

সোমবার (০৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগ সরকারকে এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে না দেওয়ার কথা বলেছিল, আর এখন একই ধরনের ভাষা ব্যবহার করছে বর্তমান বিরোধীদল। তিনি উল্লেখ করেন, “৫ বছর ক্ষমতায় থাকতে দেব না”—এ ধরনের বক্তব্য আগে শেখ হাসিনাও দিতেন।

তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না—এমন ধারণা ভুলভাবে প্রচার করা হচ্ছে। তার দাবি, ঐকমত্য কমিশন গণভোটের একটি প্রশ্ন চাপিয়ে দিয়েছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল। তবে বিএনপি যেসব বিষয়ে একমত নয়, তা স্পষ্টভাবে জানিয়েছে এবং স্বাক্ষরিত জুলাই সনদের সব অংশ বাস্তবায়ন করবে।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, রাজপথে আন্দোলন করা বিরোধীদলের অধিকার, তবে সেই আন্দোলন যেন সংঘাতের দিকে না যায়। দেশের স্বার্থে সহনশীলতা ও ঐক্যের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সরকারের কর্মকাণ্ডের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এ অবস্থায় নেতিবাচক প্রচারণা দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে।

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তিনি দাবি করেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমে কোনো হস্তক্ষেপ করছে না। পাশাপাশি বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

Home R3