৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

৭২ ঘণ্টার মধ্যে দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা

আগামী ৭২ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর অববাহিকায় দেশের পাঁচ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে সুরমা-কুশিয়ারা, ধরলা এবং সোমেশ্বরী-ভুগাই-কংস নদী অববাহিকার কয়েকটি জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে।

রোববার (২ আগস্ট) প্রকাশিত বন্যা পূর্বাভাস ও সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ৭২ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বন্যার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রটি।

এ ছাড়া সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ, ধরলা অববাহিকার লালমনিরহাট ও কুড়িগ্রাম এবং সোমেশ্বরী-ভুগাই-কংস অববাহিকার শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলে আগামী ৭২ ঘণ্টায় নদ-নদীর পানি সতর্কসীমা বা বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। ফলে এসব এলাকার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

Home R3